শ্রীমঙ্গলে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

post-title

ছবি সংগৃহীত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মো. ইয়াকুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দোরগোড়ায় আধুনিক ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশে একযোগে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমিসেবা সম্পর্কে অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হচ্ছে।

মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসএ/সিলেট