কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

কুলাউড়া সংবাদদাতা:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে সীমান্ত নিরাপত্তা ও শুল্ক আইন বাস্তবায়নে জোরদার তৎপরতা চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি ভারত ফেরত এক যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ নিয়মবহির্ভ‚ত পণ্য জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বিজিবি স‚ত্রে জানা যায়, বিকি সাহা নামের ওই যাত্রী একাধিকবার ভারত যাতায়াত করেছেন। সর্বশেষ গত ২১ এপ্রিল দেশে ফেরার সময় তার সঙ্গে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স সামগ্রী, জিরা, বিভিন্ন খাদ্যপণ্য ও মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়, এসব পণ্য সরকারি শুল্ক পরিহার করে আনা হয়েছে। পরে নিয়ম অনুযায়ী পণ্যগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ রয়েছে।

কেউ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ বা অতিরিক্ত পণ্য আনার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমবার সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তার বহনকৃত মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, পাসপোর্ট যাচাই করে দেখা গেছে—ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে ৪ বার এবং গত ছয় মাসে মোট ৭ বার ভারতে যাতায়াত করেছেন।

প্রতিবারই তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে ল্যাগেজভর্তি পণ্য বহন করেছেন। দেশের অর্থনীতি সুরক্ষা, শুল্ক আইন বাস্তবায়ন এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এদিকে, চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা জানান, বিজিবির জব্দকৃত মালামাল তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসএ/সিলেট