হাজী সমসদ আলীর পরিবারের আর্থিক সহযোগিতায় সম্পন্ন হলো সড়ক পাকাকরণ

ছাতকের চরমহল্লা ইউনিয়নে ৭০০ ফুট কাঁচা সড়ক সিসি পাকাকরণ কাজের উদ্বোধন

post-title

তাজিদুল ইসলাম

ছাতকের চরমহল্লা ইউনিয়নের আশাকাচর চরচৌরাই গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে ৭০০ ফুট কাঁচা সড়ক সিসি পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে হাজী মোহাম্মদ সমসদ আলী মঞ্জিল থেকে আশাকাচর চরচৌড়াই গ্রামের মেইন সড়ক পর্যন্ত এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘদিন ধরে কাঁচা ও দুর্গম অবস্থায় থাকা সড়কটি বর্ষা মৌসুমে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ত, ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭০০ ফুট সড়ক পাকাকরণ প্রকল্পের মোট ব্যয়ের অর্ধেক অর্থ সরকারি বরাদ্দ থেকে এবং বাকি অর্ধেক অর্থ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিজ উদ্যোগে বহন করেছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সমসদ আলীর পরিবার। তাঁদের এই মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন চরমহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন ও জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।

এ উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা করেন চরমহল্লা ইউনিয়নের সাবেক সদস্য হুশিয়ার আলী, ইলিয়াস আলী, মাহবুবুল আলম সিজ্জুলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সানরাইজ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নজির আহমদ রাজু, চরমহল্লা ইউনিয়নের ওয়ার্ড সদস্য অজিতকুমার দাশ, আব্দুস শুকুরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

এসময় প্রবাসী হাফিজুর রহমান বলেন, হাজী সমসদ আলী মঞ্জিল থেকে ফার্ম পর্যন্ত পুরো সড়কটি পাকাকরণ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আরও বড় ধরনের উন্নয়ন ঘটবে। তিনি এ লক্ষ্যে আগামী সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে পুরো সড়কটি পাকাকরণের জন্য জোর দাবি জানান।

এলাকাবাসীর আশা, এই সড়ক পাকাকরণের মাধ্যমে আশাকাচর চরচৌরাই গ্রামের সার্বিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

টিএ/ছাতক