দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ২

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমায় ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী জব্দ করেছে পুলিশ।

এ সময় পণ্যবোঝাই একটি মিনি কাভার্ড ভ্যানটি আটক এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার পয়েন্ট সংলগ্ন মা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনাকালে এসব পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানা পুলিশের এসআই অমিত সাহার নেতৃত্বে একটি দল চেকপোস্টে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি (ঢাকা মেট্রো-ন-২২-১২৩০) থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ডার্ক ফ্যান্টাসি চকো ফিলস বিস্কুট (৭৫ ও ৬৯ গ্রাম), রয়্যাল বোরবন চকোলেটি ইনডালজেন্স, বিভিন্ন সাইজের ওরিও স্যান্ডউইচ বিস্কুট এবং সোন পাপড়ি। এসব পণ্য মোট ৩২২ কার্টুন। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

গ্রেপ্তার দুজন হলেন সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ, মাথার বাড়ি এলাকার মো. কয়ছর আহমদের ছেলে ইমন আহমদ (২৬) এবং পাবনার চাটমোহর থানার জক্তলা নতুনপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. মুন্নাফ হোসেন (২৪)।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এসএ/সিলেট