জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তবে হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার পেরিয়ে করিছের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। স্থানীয় একটি সূত্রের দাবি, হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জাকারিয়া মাহমুদকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেন। হামলাকারীরা পুলিশের গাড়িও ভাঙচুর করেন।

এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় পুলিশ জাকারিয়া মাহমুদকে আটক করে ফিরছিল। পথে কিছু লোক পুলিশের গাড়ি আটকে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।

এসএ/সিলেট