জগন্নাথপুরের জোড়া হত্যা মামলার দুই আসামি ধরা পড়ল হবিগঞ্জে

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে হবিগঞ্জের পানিউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এসআরবির গণমাধ্যম শাখা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পীরেরগাঁও এলাকার জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া এবং একই এলাকার মৃত আছির আলীর ছেলে রোকন মিয়া।

এসআরবি জানায়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল সুহেল ও রোকন মিয়ার।

এর জেরে গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে মতিউর রহমানকে ঘেরাও করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় বড় ভাইকে রক্ষা করতে ছোট ভাই মুজিবুর রহমান এগিয়ে এলে তার ওপরও হামলা করা হয়। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত মুজিবুর রহমান ও আতাউর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ অক্টোবর মুজিবুর রহমান মারা যান।

এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার সুহেল মিয়া ৪ নম্বর এবং রোকন মিয়া ১৪ নম্বর আসামি। এর আগে গত ৭ নভেম্বর এ মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করে এসআরবি।

গ্রেপ্তার দুজনকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসএ/সিলেট