জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা : আটক ১

post-title

আটক শাহ আলম

জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক শাহ আলম জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামের আলাউদ্দীন (আলাই মিয়া) এর ছেলে। সিআইডির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুস সালেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদিকে, হত্যা মামলার বাদী ও নিহত নোমান উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি দাবি করেছেন, শাহ আলম তাঁর বাবার হত্যাকাণ্ডের মূল আসামি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার পর নিখোঁজ হন ব্যবসায়ী নোমান উদ্দিন। পরে ২ অক্টোবর কালিগঞ্জ বাজারসংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরবর্তী সময়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন। তবে হত্যাকাণ্ডে শাহ আলমের সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তাঁকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএ/সিলেট