নগরভবনে হামলা-ভাঙচুর : ৬ জনকে পুলিশে সোপর্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেট সিটি কর্পোরেশনে (নগর ভবনে) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং নগর ভবনে সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে একদল লোক ইট-পাটকেল, বালতি, কলস, মগসহ বিভিন্ন সামগ্রী নিয়ে নগর ভবনের ৬ষ্ঠ তলায় এসে জমায়েত হয়। সেখানে তারা পানি-সংক্রান্ত সমস্যা নিরসনের অজুহাতে ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে।

বিষয়টি জানতে পেরে সিসিকের সচিব ও প্রধান প্রকৌশলী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি উপস্থাপনের অনুরোধ জানান।

এর কিছুক্ষণ পর সিসিক প্রশাসক নগর ভবনে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাদের নিজ কার্যালয়ে আসার আহ্বান জানান। তবে তারা প্রশাসকের সঙ্গে আলোচনায় না গিয়ে ৬ষ্ঠ তলাতেই স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা পানি শাখার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে হামলা ও ভাঙচুর শুরু করে। এ সময় নগর ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। একই সময়ে বিভিন্ন সেবা নিতে নগর ভবনে আসা সাধারণ নাগরিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিকের নিরাপত্তা শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেন।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সরকারি সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ধরনের হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এতে একদিকে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে, অন্যদিকে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়েছে।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএ/সিলেট