শ্রীমঙ্গলে ছিনতাইকারীসহ আটক ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী ও একটি মারামারি মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশ এর উপ-পরিদর্শক (এসআই) সুজন কান্দি পালের নেতৃত্বে একটি দল শহরের চৌমুহনী এলাকার একটি শোরুমের সামনে অভিযান চালায়। এসময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শহরতলীর সুরমাভ্যালী এলাকার নজির মিয়ার ছেলে খালেদ মিয়া, শাহীবাগ এলাকার সোহেল মিয়ার ছেলে কাওছার মিয়া এবং শান্তিবাগ এলাকার কাদির মিয়ার ছেলে সিয়াম মিয়া।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে শহরের শাপলাবাগ এলাকা থেকে সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া ও মারামারি মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও চৌমুহনী এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট