সিলেট বিভাগের ৩ জেলায় ৬টি নতুন সেতু নির্মাণের উদ্যোগ

post-title

এ আই দিয়ে তৈরি প্রতীকী

সিলেট বিভাগের তিন জেলায় বিভিন্ন নদীর ওপর আরও ৬টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষা শেষ হলেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী তার ফেসবুক পোস্টে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন।

জানা যায়, সারাদেশে মোট ৪৪টি সেতু নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের তিনটি জেলায় মোট ৬টি সেতু অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩টি, হবিগঞ্জে ২টি এবং মৌলভীবাজারে ১টি সেতু নির্মাণ করা হবে।

প্রস্তাবিত সেতুগুলোর মধ্যে রয়েছে— সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা লঞ্চঘাট থেকে জুড়ি নদীর সড়কের ৮৫০ মিটার চেইনেজে জুড়ি নদীর ওপর একটি সেতু। কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়ন থেকে ছাতক হেডকোয়ার্টার সড়কের ৫২৮৬ মিটার চেইনেজে (পুকুরিয়া বিলের ভাঙা) একটি সেতু। গোলাপগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ-রাকুয়ার বাজার জিসি-বৈরাগীর বাজার সড়কের ১৯৪০০ মিটার চেইনেজে এবং ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজার-ডেপুটি বাজার-গোয়াসপুর-শেখপুর-মীরগঞ্জ সড়কের ৫৯০০ মিটার চেইনেজে কুশিয়ারা নদীর ওপর একটি সেতু। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার-ইটাখোনা-ইসলামপুর সড়কে একটি সেতু। আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর-কাদিরগঞ্জ সড়কে একটি সেতু। মৌলভীবাজারের রাজনগর উপজেলার আরএইচডি তারাপাশা-শমশেরনগর সড়ক থেকে করাইয়া প্রাইমারি স্কুল সংলগ্ন ফহলাই ফেরিঘাট সড়কের ৬৪০৪ মিটার চেইনেজে একটি সেতু।

ফেসবুক পোস্টে এমরান আহমদ চৌধুরী উল্লেখ করেন, ৪৪টি সেতুর তালিকায় ভাদেশ্বর এলাকায় কুশিয়ারা নদীর ওপর একটি সেতু চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি জানান, এই সেতুটি তার নির্বাচনী এলাকা সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত সমীক্ষা শেষ করে প্রকল্প বাস্তবায়ন শুরু হলে শরীফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি ভবিষ্যতে এ অঞ্চলকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও তৈরি হবে। এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এসএ/সিলেট