ইসরা*য়েলে ক্লাস্টারের আঘাত

post-title

ছবি সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ও আধাসামরিক বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান এই দুই শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) মঙ্গলবার রাতে ও বুধবার ইসরায়েলে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে ইসরায়েলে দুজন নিহত হয়েছেন। ইসরায়েলও ইরান-লেবাননজুড়ে হামলা তীব্রতর করেছে। এরই মধ্যে গতকাল বুধবার ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার করার দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১২ জন।

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে আঘাত হানতে বাঙ্কার ভেদ করতে সক্ষম ‘ডিপ পেনিট্রেটর’ বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের হত্যায় ইসরায়েলি বাহিনী অনুমোদনপ্রাপ্ত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের’ যা অবশিষ্ট আছে তা ‘নিশ্চিহ্ন করে দেওয়ার’ ইঙ্গিত দিয়েছেন এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল দেশগুলোকে দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী রয়েছে এবং নেতাদের হত্যাকাণ্ড আমাদের পিছিয়ে দেবে না। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে হামলা হয়েছে। তাছাড়া বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর দিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে ইরান ও তাদের সহযোগী মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে। দুবাই, কাতার, কুয়েত, ইরাক, বাহরাইন ও সৌদি আরবে বিস্ফোরণ শোনা গেছে। ড্রোন প্রতিহত করার খবরও পাওয়া গেছে। তেহরানের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, নিত্য আতঙ্কের মধ্যে বাস করতে হচ্ছে। বাড়ি থেকে বের হওয়া মানে জীবন হাতে নিয়ে হাঁটা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং আরেকটি মধ্য ইসরায়েলে ভূপাতিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, গত বছরের জুনের হামলার পর ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কোনো প্রচেষ্টা দেখেনি যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিকে তিনি এ তথ্য জানিয়েছেন।

এদিকে হরমুজ প্রণালি বন্ধের পর তুর্কি কুর্দি পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি পুনরায় চালু করেছে ইরাক।
দেশটি একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে, যা তুরস্কের জেহান টার্মিনালের মাধ্যমে তেল রপ্তানির অনুমতি দেবে। এর ফলে একটি বড় উৎপাদন সংকট প্রশমিত হয়েছে। কারণ হরমুজ প্রণালি অবরোধের পর দক্ষিণাঞ্চলের উৎপাদন ৭০ শতাংশ কমে গিয়েছিল।

সৌদি আরব ও ইরাকে আরও দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর মিলেছে। তাদের মধ্যে ইরাকে গত মঙ্গলবার হামলার পরপরই একজনের মৃত্যু হয়। গত ৮ মার্চ সৌদি আরবে হামলায় আহত ব্যক্তি গত মঙ্গলবার রাতে মারা যান। এ নিয়ে সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৭ বাংলাদেশির প্রাণ গেছে।

এখন পর্যন্ত এ যুদ্ধে নিহতের সংখ্যা  ২,৪৯৩। এর মধ্যে ইরানের ১,৪৫০,

ইসরায়েলের ১৭, যুক্তরাষ্ট্রের ১৪, বাহরাইনের ২, ওমানের ৩, সৌদি আরবের ৩, লেবাননের ৯২৪, আরব আমিরাতের ৮, কুয়েতের ৬, ইরাকের ৫৮ এবং সিরিয়ার ৮ জন রয়েছে।

পাল্টাপাল্টি হামলা চলছেই

সংঘাত ক্রমশ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। ইরান ও তার মিত্ররা সৌদি আরব, কুয়েত, জর্ডানসহ উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ন্ত্রণপ্রচেষ্টায় সামরিক সহায়তা দিতে ব্যর্থতার জন্য ন্যাটো মিত্র ও অংশীদারদের সমালোচনা করেছেন।

বাহরাইন জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ১৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান থেকে হামলা শুরু হওয়ার পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং ২৩৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়। দুটি ড্রোন প্রতিহত করা হলেও একটির ধ্বংসাবশেষ দূতাবাসের কাছে পড়ে আগুন ধরিয়ে দেয়। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভিক্টরি বেসের নিকটবর্তী আরেকটি ড্রোন ঠেকানো হয়, কিন্তু এটি নিকটবর্তী রাস্তায় আগুন ধরিয়ে দেয়। চতুর্থ ড্রোনটি রাডার থেকে হারিয়ে যায় এবং এর অবস্থান অজানা থেকে যায়।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে ‘হামলা’ চালানো হয়েছে, যার ফলে বেসামরিক নাগরিক এবং বিচার বিভাগীয় কর্মীরা হতাহত হয়েছেন। অন্যদিকে লারিজানি হত্যার নিন্দা জানিয়েছে হামাস। ইসরায়েলের অভিযানকে তারা বিশ্বাসঘাতকতামূলক হামলা বলে অভিহিত করেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) ইরান জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি তেল স্থাপনার কাছে বসবাসকারী লোকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইরান।

ইসরায়েলে ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ২

লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের কথা নিশ্চিত করেছে ইসরায়েল। তারা জানিয়েছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেক ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন। সর্বশেষ জনবহুল তেল আবিবে চালানো ক্লাস্টার বোমা হামলায় দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের ট্রেন স্টেশন। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুশ দান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় হোলন শহরে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটিতে আগুন ধরে যায়।
 
লড়াই অবসানে মধ্যস্থতা চালিয়ে যাবে চীন

চীন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও লড়াইয়ের অবসানের জন্য মধ্যস্থতা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের চীনবিষয়ক বিশেষ দূতের সঙ্গে এক বৈঠকে দেওয়া মন্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এটি চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। তিনি আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সমর্থনও ব্যক্ত করেন।
 
ন্যাটো আরও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আদানায় আরও একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। ইনসিরলিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কর্মীরা অবস্থান করছেন। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী এবং ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক গত সপ্তাহে জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব মালাতিয়া প্রদেশে ন্যাটো রাডার ঘাঁটির কাছে প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা হয়েছে। ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করে আসছে।

ইরানে চার মার্কিন গুপ্তচর গ্রেপ্তার

তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশব্যাপী নিরাপত্তা অভিযানে কয়েক ডজন বিরোধী ‘রাজতন্ত্রপন্থি সেল’ ভেঙে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা চারজন সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে।

মন্ত্রণালয় ঘোষণা করে, রাতারাতি ২৬টি প্রদেশজুড়ে ১১১ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া হামাদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে মার্কিন সরকার ও তার প্রক্সি সার্ভিসের চারজন গুপ্তচরকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তারা শত্রুপক্ষকে সদরদপ্তর, সরঞ্জাম এবং নিরাপত্তা বাহিনীর মোতায়েনের অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছিল।

লারিজানির শূন্যস্থান পূরণ করা সহজ নয়: বিশেষজ্ঞ

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি নিহত হওয়ার পর তাঁর শূন্যস্থান পূরণ করা সহজ হবে না। তিনি দেশটির অন্যতম প্রধান নীতিনির্ধারক ছিলেন। আন্তর্জাতিক অঙ্গন এবং নিজ দেশের বিভিন্ন রাজনৈতিক শিবিরের মধ্যে সমন্বয়কারী হিসেবে তিনি ছিলেন একজন দক্ষ মধ্যস্থতাকারী। ইরানের আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবেন। তবে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে, প্রভাবশালী ব্যক্তিত্ব সাঈদ জালিলি এ পদে স্থলাভিষিক্ত হতে পারেন।

বিশ্লেষকদের মতে, সাধারণত সর্বোচ্চ নেতার প্রতিনিধিদের মধ্য থেকেই কাউকে জাতীয় নিরাপত্তা পরিষদের এ পদের জন্য বেছে নেওয়া হয়। লারিজানি নিহত হওয়ার পর জালিলিই এখন সবচেয়ে শক্তিশালী বিকল্প। গতকাল লারিজানি ও সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। লারিজানির সঙ্গে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলিরেজা বায়েতও নিহত হয়েছিলেন।
 
মোসাদকে তথ্য পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির সংবাদ সংস্থা মিজানের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ওই ব্যক্তিকে ‘কুরোশ কেইভানি’ নামে চিহ্নিত করা হয়েছে।

বুধবার এক প্রতিবেদনে মিজান জানায়, কুরোশ কেইভানিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে ইরানের সংবেদনশীল বিভিন্ন জায়গার ছবি ও তথ্য সরবরাহ করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। ইরান মোসাদের সঙ্গে যোগসাজশ থাকা ও দেশটির অভ্যন্তরে মোসাদের কার্যক্রমে সহায়তা করার অভিযোগে অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

লারিজানি হত্যার নিন্দায় রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল দৈনিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা সার্বভৌম ও স্বাধীন ইরানের নেতৃত্বের স্বাস্থ্যের ক্ষতিসাধন এবং তার চেয়েও বড় কথা, তাদের হত্যার উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করি।’

ইরানি নেতাদের হত্যায় পরিস্থিতির পরিবর্তন হবে না: বিশেষজ্ঞ

ইরানের নেতৃত্ব হত্যা করার ক্ষেত্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অনেক সাফল্য অর্জন করেছে বলে মনে করেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক মুহানাদ সেলুম। তিনি বলেন, নেতৃত্বের একটি পুরো ধারাকে হত্যা করা হয়েছে। তবে এই হামলাগুলো বাস্তবে কোনো পরিবর্তন আনবে কিনা তা এখনও অনিশ্চিত। নেতাদের হত্যার এই কৌশল ইসরায়েলের। প্রত্যেক শীর্ষ নেতার জন্য ফাঁদ পেতেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দারা।

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার খবরে বাড়ল দাম

ইরানি গণমাধ্যমের খবরে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একটি স্থাপনায় হামলার খবর প্রকাশের পর তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারের বেশি বেড়েছে; যা মঙ্গলবারের দামের চেয়ে ৫ শতাংশ বেশি। এটি এখনও ১০৭ ডলারের ওপরে রয়েছে। যুক্তরাজ্যের গ্যাসের বেঞ্চমার্ক মূল্যও প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১৩৯ পেন্স হয়েছে। এই উভয় মূল্যবৃদ্ধিই সংঘাতের শুরুতে দেখা সর্বোচ্চ স্তরের নিচে রয়েছে।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত ইরানি স্থাপনাগুলোর ওপর নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি।


এসএ/সিলেট