জৈন্তাপুর সারী নদীতে গোসলে নেমে শাবি শিক্ষার্থীর মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার নীল নদ খ্যাত সারী নদীতে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার সারী নদীর সাহেবমারা ড্রয়ার এলাকায় গোসলে নামেন শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী মো. মুসআব আমীন। গোসলের এক পর্যায়ে তিনি নদীর চোরাবালিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর বিকেল আনুমানিক ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি শাবিপ্রবির ইইই বিভাগের নিয়মিত শিক্ষার্থী ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসএ/সিলেট