হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও মাদক জব্দ

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর পৃথক অভিযানে ট্রাকভর্তি ধানের তুষের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল তানজিলুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গত ১৫ জানুয়ারি জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাকের ভেতরে ধানের তুষভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এসব অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।

এদিকে, একই দিন রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য আনুমানিক ৬২ লাখ টাকা। এসব মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এসএ/সিলেট