হবিগঞ্জে চাঁদা নিতে গিয়ে বৈছাআর সাবেক নেতাসহ আটক ৩

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  (বৈছাআ)  হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক (বহিস্কৃত) এনামুল হক সাকিবসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

আটককৃত অন্যরা হলেন, উমেদনগর গ্রামের পুরান হাটির শাহ আলমের ছেলে মোঃ শিহাব আহমেদ ও নসরতপুরের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

জানা যায়, প্রায় ১৫ দিন পূর্বে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকার ব্যবসায়ী ও শেখ জামাল অটোমেটিক ফ্লাওয়ার মিলস এর স্বত্ত্বাধিকারী শেখ জামাল মিয়াকে সন্ত্রাসীদের হুমকি-ধামকি দিয়ে ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয় সাকিব।

এর কিছু দিন যেতে না যেতেই সে আবারও ওই ব্যবসায়ীর কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। মঙ্গলবার রাত ১০ টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন শেখ জামাল মিয়ার দোকানে গিয়ে তার কাছে ২ লাখ টাকা চাঁদাদাবী করে।

এ সময় টাকা না দিলে আওয়ামী লীগের দোসর পরিচয়ে ওই ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয় তারা। বিষয়টি তাৎক্ষনিক এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা সেখানে গিয়ে করে তাদেরকে আটক করে রাখেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে নিয়ে যান। পরে হবিগঞ্জ সদর মডেল থানায় তাদের হস্তান্তর করে সেনাবাহিনী।

এছাড়া সাকিবের বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় ‘মবের’ ভয় দেখিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে সেনাবাহিনী ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।

এসএ/সিলেট