কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী মৃত্যু বরণ করেছেন। রবিবার (১মার্চ) বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়ার্ক নর্থ সোর ইউনির্ভাসিটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইন্নানিল্লাহি-রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায় সোমবার যুক্তরাষ্ট্র সময় বাদ যোহর ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে নামাজে যানাজা শেষে লরেল গ্রোভ ক্যামেটারিতে তার দাফন সম্পন্ন করা হবে। জানা যায় যুক্তরাষ্ট্রের নিউর্য়াকে তিনি মেয়ের বাসায় বসবাস করতেন।

শুক্রবার সেহরীর পর গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে আব্দুল মুমিন চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ দেশের বাড়ি কানাইঘাটে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফিরাত কামনা করে কানাইঘাটের বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় কোরআনে খতম সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল মুমিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে তিনি ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ না করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রে যাবার পূর্বে তিনি পবিত্র উমরা পালন করতে সৌদি আরবে যান। আব্দুল মুমিন চৌধুরী দীর্ঘদিন কুয়েত ও কাতারে ছিলেন। ৯০ দশকে কুয়েতে থাকা অবস্থায় কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন উপজেলার হাজারো মানুষকে তিনি কুয়েতে ভিসা দিয়ে নিতে সহযোগীতা করেন। কুয়েতে প্রবাসী কমিউনিটির দীর্ঘদিন তিনি নেতৃত্ব দেন। তিনি পাশাপাশি কুয়েতস্থ  জালালাবাদ এসোশিয়েসনের সভাপতি ছিলেন। একজন দানশীল ও সমাজসেবক হিসেবে তার ব্যাপক পরিচিতি ছিল। তার জীবনদশায় কানাইঘাটের শত শত মসজিদ ও মাদ্রাসায় তিনি ব্যাক্তিগত আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন অনুদান প্রদান করে গেছেন। এলাকার গরীব-দুঃখী মানুষকে তিনি সব সময় সহযোগীতা করতেন। ব্যাক্তিগত ভাবে আব্দুল মুমিন চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ভাল মানুষ ছিলেন।

মৃত্যুর পূর্বে তিনি সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও মহানগর কৃষকলীগের আহবায়ক ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি সকল দলের কাছে একজন অমায়িক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসএ/সিলেট