এয়ারপোর্ট পুলিশের অভিযানে প্রায় ১০ লাখ টাকরি ভারতীয় পণ্য জব্দ, আটক ২

post-title

ছবি : সংগৃহীত

সিলেটে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহন করা প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে সিলেটের এয়ারপোর্ট থানাধীন অ্যাডভান্সার ওয়ার্ল্ডের সামনের সড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব পণ্য উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মো. নূর শাহীন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী ঢাকা মেট্রো-ট-২০-২১২৫ নম্বরের একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ট্রাকটি আটক করে।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ১০ বস্তা ভারতীয় জিরা, ৩৫ বস্তা বিস্কুট, ১১ বস্তা জুস, ৮ বস্তা জাইকো ফুচকা এবং ২ বস্তা পিঙ্কো ফুচকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন মো. শামীম হোসেন (২৮) ও সামিম তরফদার (২৯)। তাঁদের উভয়ের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি এলাকায়। পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট