১২ দিনেও সমাধান হয়নি, শাবিপ্রবির সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে কঠোর অবস্থানে শিক্ষার্থীরা

post-title

ছবি সংগৃহীত

প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় কঠোর আন্দোলনের পথে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত হয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত করার এক দফা দাবিতে টানা ১২তম দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শত শত শিক্ষার্থীর হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।

শিক্ষার্থীদের দাবি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের  থেকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে অবিলম্বে স্বতন্ত্র প্রতিষ্ঠান করতে হবে। একই সঙ্গে শাবিপ্রবির সঙ্গে একাডেমিক ও প্রশাসনিকভাবে যুক্ত করার বিষয়ে আর কোনো মৌখিক আশ্বাস নয়-জারি করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত ২৭ সেপ্টেম্বর আন্দোলন শুরুর পর প্রশাসনিক ভবনে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করা হয়। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বৈঠক ও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

তাদের দাবি, গত বছর এ বিষয়ে একটি রেজুলেশন পাস হওয়ার কথা থাকলেও দেড় বছর পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করেও সমস্যার স্থায়ী সমাধান না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিসংবলিত স্মারকলিপি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন।

এর আগে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, তারা আর কোনো মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নন। দাবি বাস্তবায়নে দ্রুত সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

এসএ/সিলেট