জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

post-title

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় স্থানীয় খলাছড়া ইউনিয়নের ভুইয়ারমুড়া এলাকায় সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরিফুল ইসলাম, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হক, ২নং বীরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সিলেট জেলা বিএনপি নেতা সাহেদ আহমদ রাসেল, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বীর আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি ছরওয়ার হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হেকিম শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম ও উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমূখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ৫২ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের ঈদগাহ বাজারের পূর্ব থেকে চরিয়া পর্যন্ত এই সড়ক সংস্কারের কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি আবুল হাসান এমপি বলেন, আমার নির্বাচনী ইশতিহারের প্রধান কাজ ছিল কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়ক সংস্কার ও জকিগঞ্জের শেওলা সড়ক সংস্কার কাজ করার। ইতিমধ্যে আমরা গাজী বুরহান উদ্দিন সড়ক সংস্কার কাজ উদ্বোধন করেছি এবং আজ জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কার কাজ শুভ উদ্বোধন করলাম। আমি ইনসাফ ও আদলের ভিত্তিতে কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমি চাই জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের মুখে হাসি ফুটাতে। তিনি ক্ষমতাসীন দলের মন্ত্রীদের সহযোগিতা পাচ্ছেন জানিয়ে বলেন- এবার আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে জকিগঞ্জ ও কানাইঘাটের উন্নয়ন করবো।

এমপি ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কাজের গুণগত মান কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান, যেন এই উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বক্ষণিক তদারকি করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও উৎসবের আমেজ দেখা দিয়েছে।

এসএ/সিলেট