আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলার মানববন্ধন

post-title

ছবি সংগৃহীত

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন হয়।

আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন, মানবাধিকার ও সমতা আরও দৃঢ় ওনিরাপত্তা জোরদার করার দাবিতে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নারী অধিকার কর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ,কর্মী ও প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকা সংগঠন আশার আলো সংগঠনের সভাপতি মোঃ মাহফুজ আলম,  সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি রেভারেন্ড ফিলিপ সমাদ্দার, চা-শ্রমিক নারী অধিকার সংগঠনের প্রতিনিধি টিকলমনি, নাগরিক সমাজের প্রতিনিধি শাবিপ্রবির শিক্ষার্থী মোঃ তফাজ্জুল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা শাখার সহ সভাপতি রেনুকা দাস, সহ সাধারণ সম্পাদক অপর্না গুন সেবা, লিগ্যাল এইড সম্পাদক রমলা তালুকদার, আন্দোলন সম্পাদক ঊষা রানী মল্লিক প্রমুখ।

এছাড়াও আন্তঃপ্রজন্ম অন্তর্ভূক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করণ কোয়ালিশন টিমের সদস্যরা এতে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা ও সামাজিক অস্থিরতার সবচেয়ে বড় প্রভাব পড়ে নারী ও শিশুদের ওপর। তাই নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মানুষকে ঐক্যবদ্ব করে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলকে আরও শক্তিশালী করতে হবে। বক্তারা আরো বলেন, ধর্ম,বর্ণ ও পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।

বক্তারা আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বক্তরা বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং মানবাধিকার সবার,সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষমূলক প্রচারণার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

এসএ/সিলেট