সংসদীয় কমিটির নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

post-title

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন কমিটি গঠনের পাশাপাশি দুটি বিদ্যমান সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পরিবর্তন করে সেগুলো পুনর্গঠন করা হয়।

সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি নতুন কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যরা এসব প্রস্তাব অনুমোদন করেন। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

নতুন দায়িত্ব পাওয়া রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে তিনি সরকারি বিভিন্ন খাতে প্রস্তাবিত ও অনুমিত ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

সংসদীয় কমিটিগুলো সরকারের বিভিন্ন কার্যক্রম ও ব্যয়ের ওপর নজরদারি এবং সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটি এবং বিষয়ভিত্তিক ১১টি কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এসব কমিটির মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও নির্দিষ্ট বিষয় নিয়ে সংসদীয় পর্যায়ে আলোচনা, পর্যালোচনা ও তদারকি করা হয়।

এর আগে মঙ্গলবার পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। এরপর বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের মাধ্যমে ত্রয়োদশ সংসদে গঠিত কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি বিদ্যমান স্থায়ী কমিটির সদস্য পরিবর্তন করে পুনর্গঠন করা হয়েছে।

এসএ/সিলেট