কানাইঘাটে অপ্রীতিকর ঘটনা ছাড়াই এনসিপির জুলাই পদযাত্রা সম্পন্ন

post-title

ছবি সংগৃহীত

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কানাইঘাটে শান্তিপুর্ণ ভাবে জাতীয় নাগরিক পাটি এনসিপি’র জুলাই জাগরণ পথসভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রেীয় নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলার কারনে কানাইঘাটের পদযাত্রা পথসভা সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সড়ক পথে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মাধ্যমে কানাইঘাটে নিয়ে আসা হয়। পথসভাকে ঘিরে কানাইঘাট পৌর শহর ও আশপাশ এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

পথসভায় এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাঠোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডাঃ মাহমুদা মিতু। পথসভায় সিলেট জেলা, মহানগর ও কানাইঘাট উপজেলা এনসিপির নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারাদেশ ব্যাপী জুলাই জাগরণ পদযাত্রা করে যাচ্ছে। কিন্তু বিএনপি ফ্যাসিস্টের দূসরদের ভ‚মিকায় অবতীর্ণ হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় জুলাই জাগরণের পদযাত্রা ও পথসভায় হামলা করেছে। হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার ঘটনা উল্লেখ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, এসব হামলার সাথে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা জড়িত রয়েছেন, তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। জুলাইয়ের চেতনার বিপক্ষে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপির বিভিন্ন সমালোচনা করে তারা বলেন, ফ্যাসিবাদী কায়দায় তারা দেশ পরিচালনা করতে চায়, কিন্তু এদেশের মানুষ তা হতে দিবে না। এনসিপির বিভিন্ন সভায় হামলার ঘটনা তুলে ধরে তারা বলেন, এতে করে প্রধানমন্ত্রী তারেক রহমান দায় এড়াতে পারেন না। বিএনপির কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ এসব হামলার প্রত্যক্ষ মদদ দিচ্ছেন। দেশের গণতন্ত্র, মানুষের বাকস্বাধীনতা হরণ, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের বিরুদ্ধে এনসিপির অবস্থানের কথা তুলে ধরে বলেন, বিএনপির তাদের এসব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করলে সারাদেশের ছাত্র-জনতাকে নিয়ে এনসিপি দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে পথসভা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হুসিয়ার উচ্চারন করেন।

কানাইঘাটে স্বতঃস্ফুর্ত ভাবে মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে পদযাত্রায় সহযোগিতা করার জন্য কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পথসভায় কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।



এসএ/সিলেট