প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ...
হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...
ছবি সংগৃহীত
সিলেটের মোগলাবাজারে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি নাজিম উদ্দিনকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৫ মে) র্যাব-৯ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার বীরমঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নাজিম উদ্দিন ওই এলাকার জফুর আলীর ছেলে।
র্যাব জানায়, সিলেটের মোগলাবাজার থানার বীরমঙ্গল এলাকার বাসিন্দা মইনুল ইসলাম ও তার ছোট ভাই নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।
গত ২৫ মার্চ দুপুরে বিষয়টি মীমাংসার লক্ষ্যে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে নাজিম উদ্দিন শালিস মানতে অস্বীকৃতি জানান এবং বড় ভাইকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।
এরপর একই দিন রাত সাড়ে ৮টার দিকে মইনুল ইসলাম রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন পেছন দিক থেকে অতর্কিত হামলা চালান। লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার পর আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (সদর কোম্পানি, সিলেট) ও র্যাব-৮ (সিপিসি-৩, শরীয়তপুর) এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট