ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না ভোটাররা : ইসি

post-title

সিলেট বানী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদ রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনো ভোটার মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তা সদস্য। নির্দেশনা অনুযায়ী, প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

এর আগে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও বাহিনী মোতায়েন সংক্রান্ত এক বৈঠকের বরাতে শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। ওই বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ পুরোপুরি চালু করা হয়েছে, যা কেবল নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই ব্যবহার করতে পারবেন।

ইসি জানায়, কোনো ভোটকেন্দ্র বা তার আশপাশে সহিংসতা কিংবা গোলযোগের ঘটনা ঘটলে অ্যাপটির মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। এর ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জুয়ে/সিলেট