সিলিন্ডার গ্যাসের থেকে অগ্নিকান্ড : ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

post-title

প্রতীকী ছবি

সিলেট নগরীতে রান্না ঘরের সিলিন্ডার গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসার বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে সময়মতো ঘর থেকে বের হয়ে যাওয়ায় কেউ আহত হননি।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে মীরাবাজারস্থ রায়নগর আবাসিক এলাকার প্রত্যয়- ১৩১ নং বাসার ২য় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  ওই বাসার মালিক একজন ইউকে প্রবাসী। আর সেখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের আব্দুল মন্নান।

জানা যায়, সকালে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। তখন বাসায় বসবাসরত লোকজন দ্রুত বাইরে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং সোবাহানিঘাট  ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই ঘরের ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ বেশিরভাগ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিস জানায়, গ্যাসের লিকেজ থেকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা।

এসএ/সিলেট