সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৭ লাখ ২৬ হাজার টাকার পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মহিষ, গরু, জিরা ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গত ১৯ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার দারুরঘাট এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়।

এ ছাড়া ২০ নভেম্বর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় পৃথক অভিযান চালায় জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহলদল। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা ও চিনি জব্দ করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক অভিযানগুলোতে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট