সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। দুই ব্যাটালিয়নের অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৭৬ হাজার ৩৭৩ টাকা।

১৯ বিজিবি জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৩টি ভারতীয় শাড়ি, ২১০টি নিভিয়া লোশন, ৪২০টি বডি স্প্রে, ৩০২টি ফেসওয়াশ, ২৫ কেজি কফি ও ১০০ কেজি চিনি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ১৩ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।

একই দিন সকাল সাড়ে ৮টার দিকে ১৯ বিজিবির গুয়াবাড়ী বিওপির টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু জব্দ করা হয়। গরু দুটির সিজার মূল্য এক লাখ টাকা। সব মিলিয়ে ১৯ বিজিবির অভিযানে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১৪ লাখ ১৫ হাজার ৩০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, একই দিন ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সিলেট সীমান্তের বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, প্রতাপপুর ও সংগ্রাম বিওপিসহ ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালায়।

এসব অভিযানে ভারতীয় অবৈধ কসমেটিকস, গরু, কম্বল, টমেটো, বিস্কুট, জিরা, কিসমিস, ফুচকা, চিনি, চকলেট, জুস, আলু, সনপাপড়ি ও মুরগির বাচ্চা জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৬১ হাজার ৭৩ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট