জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১২

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থামানোর চেষ্টা করে। এর মধ্যেই উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলা বিএনপির এক পক্ষে রয়েছেন আহ্বায়ক শফিকুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা। অপর পক্ষে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল মালিকসহ অন্যরা।

সংঘর্ষের বিষয়ে মাসুম মাহমুদ তালুকদার বলেন, তাঁদের মিছিল শান্তিপূর্ণ ছিল। এতে চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। প্রতিপক্ষের লোকজন তাঁদের মিছিলের পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তাঁদের তিন থেকে চারজন আহত হয়েছেন।

অপর পক্ষের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তাঁরা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে এসে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, দুটি মিছিল মুখোমুখি হওয়ার পরই পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। বর্তমানে দুই পক্ষ পৃথক দুটি স্থানে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এসএ/সিলেট