অসুস্থ হয়ে হাসপাতালে মন্ত্রী আরিফুল হক, তিন উপজেলার সফর বাতিল

post-title

ফাইল ছবি

সিলেটে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা ও শরীরে ঝিমঝিম অনুভব করলে তাঁকে নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়। শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন তিনি।

মন্ত্রীকে সফরসঙ্গী হিসেবে থাকা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় মন্ত্রীকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করা বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত কাজে টানা পরিশ্রম করছেন মন্ত্রী। এর মধ্যে শ্রমিক অসন্তোষ নিরসনে কয়েক দিন দিন-রাত পরিশ্রম করতে হয়েছে তাঁকে।

শাহাব উদ্দিন শিহাব আরও জানান, ঢাকায় থাকতেই মন্ত্রী অসুস্থতা অনুভব করেছিলেন। এরপরও সিলেটে তাঁর নির্বাচনী এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। তবে সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে তিনি জানতে পেরেছেন, বর্তমানে মন্ত্রী আগের তুলনায় অনেকটা সুস্থ বোধ করছেন। মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা।

এসএ/সিলেট