সিলেট আন্তর্জাতিক ক্রিকেট...
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, ফ্লাডলাইট,...
ছবি সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, ফ্লাডলাইট, খেলোয়াড়দের ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনায় উন্নয়নকাজ করা হবে।
পাশাপাশি দর্শকদের সুযোগ-সুবিধা বাড়াতে প্রবেশপথ ও সড়ক সংস্কারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামগ্রিক অবকাঠামো উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রিন গ্যালারির আধুনিকায়ন, গ্র্যান্ড স্ট্যান্ড সংস্কার, ফ্লাডলাইট ব্যবস্থার উন্নয়ন, খেলোয়াড়দের ড্রেসিংরুম সংস্কার এবং হসপিটালিটি বক্স নির্মাণ ও উন্নয়ন। পাশাপাশি খেলার মাঠের প্রয়োজনীয় সংস্কার, স্টেডিয়ামে প্রবেশের সড়ক উন্নয়ন, প্রবেশদ্বারের সৌন্দর্যবর্ধন ও আলোকায়নের কাজ করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আগামী জানুয়ারিতে সিলেটে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ আয়োজনের সূচি রয়েছে। এ দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে স্টেডিয়ামকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও উন্নয়নকাজ শেষ করে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে স্টেডিয়ামের সক্ষমতা আরও বাড়ানো হবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠায় প্রয়াত ক্রীড়া সংগঠক ও বিসিবির উন্নয়ন কমিটির সাবেক চেয়ারম্যান আরাফাত রহমান কোকো এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করেন বিসিবি পরিচালক।
তিনি বলেন, সিলেটে আন্তর্জাতিক ক্রিকেটের অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের উদ্যোগ ও অবদানের ফলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অন্যতম ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাঁদের বিকাশের সুযোগ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে নতুনকুঁড়ি স্পোর্টস আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শুধু সিলেটের নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া স্থাপনা। এখানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সিলেটের পরিচিতি ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসারেও ভূমিকা রাখে। তাই আগামী দিনে স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ম্যাচ মাঠে এসে উপভোগ করতে তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় বিসিবির সিলেটের কাউন্সিলর আশরাফ আরমান, মৌলভীবাজারের কাউন্সিলর মনোয়ার এম আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রিন গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, ফ্লাডলাইট,...
স্থানীয় মাটি, পানি ও জলবায়ুর উপযোগী ধানের জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি কৃষকের মাঠে পৌঁছে দিতে সিলেটে এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ ও...
নগরীর বন্দরবাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে সুইস গিয়ার চাকুসহ ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (৪...
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫...
আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উদযাপন সফল করতে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সালামের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী...