দক্ষিণ সুরমায় ভারতীয় কম্বলসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমার শ্রীরামপুর বাইপাস পয়েন্ট থেকে ২৪৫টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্টে এ অভিযান চালানো হয়। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করে।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে ছকির মিয়া এবং একই এলাকার জহুর আলীর ছেলে মো. আরিফ হোসেন।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ২৫টি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-অ-১১-৪৫২০।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট