নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

post-title

ছবি সংগৃহীত

মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন।  শুক্রবার (২২ মে) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ। সে নগরীর কাজীরবাজার মোগলটুলা এলাকার আবুল হোসেনের পুত্র।

পুলিশ জানায়, শুক্রবার লামাবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই (নিঃ) মো. মাসুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন সিয়েরা-৫ ডিউটি পালনকালে দুপুর ১২টায় কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় করতে দেখতে পান। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পলায়নকালে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে র‍্যাব-৯, সিলেটে কর্মরত কনস্টেবল ইমন আচার্য্য পলায়নকারী মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পিকে আটক করার চেষ্টা করলে বাপ্পি তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে কনস্টেবল ইমন আচার্য্যের বুকের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

অপরদিকে, কিলো-১ মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই (নিঃ) মো. জামাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্তকে ধাওয়া করতে থাকেন। একপর্যায়ে আসামি তোপখানা এলাকার একটি বাসায় প্রবেশ করে একটি শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে পুলিশ সদস্যরা কৌশলে তার হাতে থাকা ধারালো চাকু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হন। এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম উজ্জ্বলসহ আরও কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে আসামি আসাদুল আলম বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবহৃত ধারালো চাকু উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

এদিকে, আহত কনস্টেবল ইমন আচার্য্যকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মৃত্যুবরণ করেন।




এসএ/সিলেট