১৫টি বিভাগে ২১৯০ আসনের বিপরীতে ৮ হাজারের বেশি পরীক্ষার্থী, প্রকাশিত আসন-বিন্যাস

এমসি কলেজ ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে ৪ শিক্ষার্থীর লড়াই

post-title

সংগৃহীত

শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি উপলক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার আসন-বিন্যাস প্রকাশ করা হয়েছে, যা গতকাল বুধবার কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এমসি কলেজের ১৫টি বিভাগে মোট ২১৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৮ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৪,৬৪১ জন, মানবিক বিভাগ থেকে ৩,৩৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ফলে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ৪টি ভেন্যুতে। ভেন্যুগুলো- মুরারিচাঁদ কলেজ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং আল-আমীন জামেয়া স্কুল এন্ড কলেজ। এমসি কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান বিভাগের ২১৩৭০০১ থেকে ২১৩৭৯১১, মানবিক বিভাগের ৪২১৬১৫৩ থেকে ৪২১৯৫৪৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৬০৮৫৩২২ থেকে ৬০৮৫৬৭২ রোলধারী শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগের ২১৩৩২৭১ থেকে ২১৩৪৭৩০ রোলধারীরা সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২১৩৪৭৩১ থেকে ২১৩৬১৭০ রোলধারীরা শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এবং ২১৩৬১৭১ থেকে ২১৩৭০০০ পর্যন্ত রোলধারীরা আল-আমীন জামেয়া স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিবেন। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কলেজ প্রশাসন।

এ বিষয়ে এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন জানান,।আমাদের সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করেছি পরীক্ষার ভেন্যুগুলো পাশাপাশি রাখার। এখন শুধু আমাদের পরীক্ষা আয়োজনের অপেক্ষায়। আসনবিন্যাস ইতোমধ্যে কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আশা করছি পরীক্ষাটি গতবারের ন্যায় এবারও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

পরীক্ষার্থীদের নির্ধারিত ভেন্যু ও সময় অনুযায়ী যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

টিএ/ছাতক