তাজুলের নিয়োগ বাতিল

post-title

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদে অ্যাডভোকেট তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ পান।

একই প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।

তাজুল ইসলাম এক সময় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি যোগ দেন আমার বাংলাদেশ (এবি) পার্টিতে। তিনি দলটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। আইসিটির চিফ প্রসিকিউটরের দায়িত্ব পাওয়ার ঠিক আগে তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন।

মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এ আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই করেছিলেন। তিনি ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষে প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেন। এছাড়াও, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে প্রতিরক্ষা আইনজীবী ছিলেন। একই ট্রাইব্যুনালে তাজুল ইসলাম যুদ্ধাপরাধীদের পক্ষে এবং পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগে আইনি ব্যত্যয় নিয়ে আইনজ্ঞদের সমালোচনার জবাব দেয়নি সরকার।

এসএ/সিলেট