সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে অগ্নিসংযোগের চেষ্টা: নিরাপত্তা নিয়ে প্রশ্ন দ্রুত বিচারের দাবি নেতাদের

post-title

সিলেট বানী

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রবেশপথের প্রধান ফটকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে মাত্র ১০০ হাত দূরে দরগাহ পুলিশ ফাঁড়ি অবস্থিত হওয়ায় এলাকার নিরাপত্তাব্যবস্থা ও প্রশাসনের নজরদারি নিয়ে জনমনে তীব্র প্রশ্ন উঠেছে।

স্থানীয় ও প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোররাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাসার সামনের গলির প্রবেশপথের প্রধান ফটকের কাছে আগুন ধরিয়ে দেয়। এতে ফটকের নিচের অংশে পোড়ার চিহ্ন দেখা যায়। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন এবং সিলেটে সফরে এলে প্রতিমন্ত্রী নিজেও সেখানে অবস্থান করেন।

খবর পেয়ে শুক্রবার সকালে দাড়িয়াপাড়াস্থ প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী,সিলেট-৬ আসনে এমপি এমরান আহমদ চৌধুরী,সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী,সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমাদ হোসেন চৌধুরী সহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে প্রশাসনের কোনো দুর্বলতা বা গাফিলতি রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রশাসনের ভেতরেও যদি কোনো সমস্যা বা দুর্বলতা থাকে, তবে সেটিও সরকার গুরুত্বের সাথে খতিয়ে দেখবে।

ঘটনার পর আগুনের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। স্থানীয়দের কয়েকজন বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপের কথা বললেও পুলিশ তা নাকচ করে দিয়েছে। পুলিশের দাবি, পেট্রোল বোমা নয়, বরং পলিথিন, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, "প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


পুলিশ ফাঁড়ির এত কাছাকাছি এমন ঘটনা ঘটার পেছনে নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

জুয়ে/সিলেট