টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেট স্টেশনে জেলা প্রশাসনের অভিযান

সিলেটে ট্রেনের টিকিটের নামের সঙ্গে এনআইডির মিল না থাকলে যাত্রা বন্ধ, ১২ অক্টোবর থেকে অভিযান

post-title

প্রতীকী ছবি

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ও যাত্রীদের ভোগান্তির মধ্যে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আগামী ১২ অক্টোবর থেকে টিকিটে উল্লেখিত নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল না থাকলে সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে ট্রেনের টিকিট নিয়ে অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ১২ তারিখ (সোমবার) থেকে টিকিটের নাম ও যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল না থাকলে যাত্রীকে যেতে দেওয়া হবে না। কেউ যদি সিলেট থেকে ঢাকা বা অন্য কোথাও যেতে চান তাহলে অবশ্যই তার টিকিটের সাথে এনআইডি কার্ডের নাম মিলতে হবে।

তিনি বলেন, আজকে আমরা দেখেছি কিছু কিছু যাত্রীর টিকিটের সাথে এনআইডির নাম মিলছে না। আমরা ৩/৪ দিন সময় দিচ্ছি। ১২ তারিখ থেকে কঠোর অপারেশন শুরু হবে। আমি চেক করবো। রেল স্টেশনে রেগুলার ম্যাজিস্ট্রেট থাকবে।

এরআগে অভিযানে দেখা যায়, অনেক ক্ষেত্রে যাত্রীর মূল নামের সাথে অনলাইনে কাটা টিকিটের নামের কোনো মিল নেই।

ট্রেন ভ্রমণকে কালোবাজারিমুক্ত ও সাধারণ মানুষের জন্য সহজ করতে এই অভিযান ও কঠোর তদারকি নিয়মিত চলবে বলে আশ্বস্ত করেছে জেলা প্রশাসন।

সিলেট রেল স্টেশনে টিকি কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। তবে ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে। এতে বেড়েছে কালোবাজারিও। অনলাইনে টিকিট ছাড়ার ৩/৪ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। যার বড় অংশই কালোবাজারিরা কিনে নেয় বলে অভিযোগ রয়েছে।

ট্রেনের টিকিট নিয়ে নানা অভিযোগ ও যাত্রীদের ভোগান্তির মধ্যে সম্প্রতি এ ব্যাপারে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান।

সিলেটে ট্রেনের টিকিট সংকটের পেছনে কালোবাজারি ও মজুদদারির সুনির্দিষ্ট আলামত পেয়ে মামলা দায়েরের পর সেটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-কে। এই মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতেেরেল স্টেশনে অভিযানে যান জেলা প্রশাসক।

এরআগে গত বুধবার (৭ অক্টোবর) ম্যাজিস্ট্রেটের মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে পৌঁছেছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক আবদুল আহাদ। তিনি জানিয়েছেন, আদালত স্বপ্রণোদিত হয়ে দায়ের করা মামলাটি তিনি তদন্ত করছেন।

এসএ/সিলেট