জকিগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু

post-title

ছবি সংগৃহীত

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেজ) আওতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, জকিগঞ্জের আয়োজনে সোমবার (৭ সেপ্টেম্বর) ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ১ম ব্যাচের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের ১ম দিনের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন   করা হয়।

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমানের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বাঁশ ও বেতপণ্য প্রস্তুতকারী, নাপিত, নকশিকাঁথা শিল্পী, লোকজ যন্ত্রশিল্পী, জুতা মেরামত/প্রস্তুতকারী এবং কামার পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় পূর্বে জরিপের মাধ্যমে এন্ট্রিকৃত সার্ভারের অটোমেশন পদ্ধতির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উপকারভোগী বাছাই করা হয়েছে। নির্বাচিত উপকারভোগীদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ পর্যায়ে ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। পরবর্তীতে আরও দুটি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

প্রশিক্ষণের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ও কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র,  উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ধীময় চন্দ্র বিশ্বাস,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোশাররফ হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: অলিউল হক।

প্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ পেশায় আধুনিক ও উন্নত কৌশল সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারবেন।


এসএ/সিলেট