মব সংস্কৃতি সরকার কঠোরভাবে দমন করবে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী

post-title

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছে, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে মব সংস্কৃতি তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার কঠোরভাবে দমন করবে।

মঙ্গলবার দুপুরে সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সারভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর উদ্বোধন ও ড্রোন প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সব উন্নত প্রযুক্তির ড্রোন দেশে আনা হবে। সীমান্তে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে মালখানা ও হাজতখানার সংখ্যা বাড়ানো হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এর আগে একদিনের সফরে দুপুরে সিলেটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি।

এরপর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসএ/সিলেট