নৌযান শুমারি সফল করতে সকলের সহযোগিতা কামনা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের

post-title

ছবি সংগৃহিত

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নৌযান শুমারি ২০২৬’। দেশের নৌপরিবহন খাতের সঠিক তথ্যভান্ডার তৈরি, নৌযান ও নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী একযোগে সারাদেশে এ শুমারি পরিচালিত হবে। সারাদেশের ন্যায় সিলেটেও এ শুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নৌযান শুমারি সফল করতে নৌযান মালিক, চালক, মাঝি এবং নৌযান পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। আজ (শুক্রবার) সিলেট জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নৌযান শুমারি উপলক্ষ্যে  আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির সফল সমাপ্তি শেষে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট ১০ দিনব্যাপী সারাদেশে একযোগে এ শুমারি পরিচালিত হবে। সারাদেশের ন্যায় সিলেটেও এ শুমারি কার্যক্রম চলবে। এ শুমারির আওতায় ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হবে। শুধু নৌযানের তথ্যই নয়, যারা নৌযান পরিচালনার সঙ্গে যুক্ত- মালিক, চালক, মাঝি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও সংগ্রহ করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, নৌযানের নিরাপত্তা, নৌযানে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা এবং নৌযান পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের নৌপরিবহন খাতের উন্নয়নে সঠিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌযান শুমারি থেকে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে সঠিক পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক কামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীনসহ জেলা প্রশাসন, জেলা পরিসংখ্যান অফিস এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 


এসএ/সিলেট