সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান একাধিক মামলার আসামি ‘ঝাড়ু’ আটক

post-title

ফাইল

সিলেট মহানগরী থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও চিহ্নিত দুর্ধর্ষ চোর রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে (২৫) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাত আনুমানিক ৩টায় মহানগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামি রিদয় আহমদ ওরফে ঝাড়ু কোতোয়ালী থানার খুলিয়াটুলা (বাসা নং- নীলিমা-১২/২) এলাকার মো. শুকুর মিয়া ও হেনা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালনা করে ঝাড়ুকে গ্রেফতার করে। সে কোতোয়ালী মডেল থানায় গত ৩ আগস্ট দায়েরকৃত মামলা (নং-০৩, ধারা: ৪৫৪/৩৮০ পেনাল কোড) এবং ৮ আগস্ট দায়েরকৃত মামলার (নং-১১, ধারা: ৪৫৭/৩৮০ পেনাল কোড) অন্যতম সন্দেহভাজন আসামি।

পুলিশ আরও জানায়, রিদয় আহমদ ওরফে ঝাড়ু নগরীর একজন চিহ্নিত ও দুর্ধর্ষ চোর। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া সে ৩টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, "গ্রেফতারের পর আসামি রিদয় আহমদকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

জুয়ে/সিলেট