সিসিকের চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা

যথাসময়ে মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ সিসিক প্রশাসকের

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে নগর ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ। এছাড়া বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর।

সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান নিশ্চিত করে বাস্তবায়ন করতে হবে। কোনো প্রকল্পের কাজে যেন অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। প্রতিটি কাজ নিয়মিত তদারকি করতে হবে এবং যেকোনো সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে কাজের গতি বজায় রাখতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন দীর্ঘমেয়াদে নগরবাসী ভোগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, আমরা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট নগরী গড়ে তুলতে কাজ করছি। সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকায়ন ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময়, ব্যয় ও গুণগত মান—এই তিনটি বিষয় সমানভাবে গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে নিয়মিত মনিটরিং নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সিসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ চলমান প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট