শাবিতে মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের জন্য উপস্থিতির হার ৪০ শতাংশ করার প্রস্তাব

post-title

ছবি সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের পড়াশোনা ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম উপস্থিতির হার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় এ মানবিক প্রস্তাব উত্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গর্ভবতী ও মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের শারীরিক ও পারিপার্শ্বিক সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, 'নারী শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের মাতৃত্বকালীন শারীরিক দিক বিবেচনায় নিয়ে ক্লাসে ন্যূনতম উপস্থিতির বাধ্যবাধকতা কমিয়ে ৪০ শতাংশ করা প্রয়োজন।'

এ সময় উপস্থিত সকল বিভাগীয় প্রধান উপাচার্যের এই মানবিক ও সময়োপযোগী প্রস্তাবকে সাধুবাদ জানান এবং সর্বসম্মতভাবে এতে সম্মতি প্রকাশ করেন।

উত্থাপিত প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আগামী একাডেমিক কাউন্সিলে পেশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের একাডেমিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিভাগীয় প্রধানগণের তাগিদ দেন। তিনি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। একই সাথে চলমান সেমিস্টারের ফলাফল আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রকাশের জন্য বিভাগীয় প্রধানদের তাগিদ দেন।

এ মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট