বিশুদ্ধ পানি, আধুনিক মার্কেট ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নির্মাণে সর্বাধিক গুরুত্ব

৫৩ কোটি টাকার বাজেট ঘোষণা ছাতক পৌরসভার

post-title

তাজিদুল ইসলাম

গিয়াসউদ্দিন- তাজিদুল, ছাতক:

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা। ফলে বাজেটে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

এবারের বাজেটে নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ব্যবসায়ীদের জন্য আধুনিক মার্কেট নির্মাণ এবং শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাবরক্ষক কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক (অব.) হরিপদ রায়, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পৌর এলাকার গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার মাধ্যমে নাগরিক সেবার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার লক্ষ্যে ছাতক পৌরসভার আগামী অর্থবছরের উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।

টিএ/ছাতক