অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদের হাতে ঐতিহ্যের দায়িত্ব

এমসি কলেজে নতুন অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

post-title

সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী Murari Chand College–এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং কলেজটির সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে এই নিয়োগকে এমসি কলেজ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবেই অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদকে এমসি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি Barlekha Government Degree College–এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিসিএস (সাধারণ শিক্ষা) ১৬তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক তোফায়েল আহাম্মদের শিক্ষকতা জীবনের বড় একটি অংশ কেটেছে এমসি কলেজে।

১৯৯৮ সালে তিনি কলেজটির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর পর্যায়ক্রমে- ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শুধু পাঠদান বা প্রশাসনিক দায়িত্বেই নয়, কলেজের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন অধ্যাপক তোফায়েল আহাম্মদ।

এমসি কলেজের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মেন্টর হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ফলে শিক্ষক-শিক্ষার্থী মহলে তিনি একজন সংস্কৃতিমনা ও মানবিক শিক্ষক হিসেবেও পরিচিত।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ শুকরিয়া। সিলেটের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে আরও এগিয়ে নিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সহশিক্ষা কার্যক্রমেও দেশসেরা হতে পারে, সেদিকে আমার বিশেষ লক্ষ্য থাকবে।


অধ্যাপক তোফায়েল আহাম্মদের নিয়োগে এমসি কলেজজুড়ে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। কলেজটির শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সার্বিক পরিবেশ আরও গতিশীল হবে বলে আশা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

টিএ/ছাতক