সিলেটে হানিট্র্যাপ চক্রের আরেক সদস্য গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের আরও এক সদস্যকে  গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের নলজুড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আফসার আহমেদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

র‍্যাব-৯ জানায়, ভুক্তভোগী মাহমুদুল হাসান রিফাত গোলাপগঞ্জ উপজেলার বাদে রণকেলী এলাকার বাসিন্দা। পূর্ব পরিচয়ের সূত্র ধরে চক্রের সদস্যরা এক নারীকে দিয়ে তার সঙ্গে যোগাযোগ করায়। পরে গত ৯ এপ্রিল রাতে দেখা করার কথা বলে তাকে নগরীর যতরপুর এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়।

সেখানে আগে থেকে ওত পেতে থাকা চক্রের সদস্যরা ভুক্তভোগী ও তার এক বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের ইলেকট্রিক শক দেওয়া হয় এবং জোরপূর্বক কাপড় খুলে অশ্লীল ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রূপার চেইন ও একটি রূপার ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগীরা বিভিন্নজনের কাছ থেকে টাকা এনে ৯০ হাজার টাকা পরিশোধ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পলাতক আসামি আফসার আহমেদকে গ্রেফতার  করা হয়। পরে তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) এ কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট