সিলেট-৫ আসনে খেলাফত মজলিস প্রার্থী মুফতী আবুল হাসানের নির্বাচনী ইশতিহার ঘোষণা

post-title

ছবি সংগৃহীত

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মোহাম্মদ আবুল হাসান তাঁর ১৩ দফা নির্বাচনী ইশতিহার ঘোষণা করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ১টায় জকিগঞ্জ পৌরসভার সোনারবাংলা কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইশতিহার জনসমক্ষে তুলে ধরেন।

ইশতিহারের মূল প্রতিপাদ্য হিসেবে তিনি উল্লেখ করেন“বিভেদ নয় ঐক্য: কল্যাণমূলক রাষ্ট্র; যার অভিভাবক নেই, রাষ্ট্রই তার অভিভাবক।”

সংবাদ সম্মেলনে মুফতী মোহাম্মদ আবুল হাসান বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার আলোকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়াই তাঁর রাজনৈতিক অঙ্গীকার। তিনি দক্ষ, জবাবদিহিমূলক, গণমুখী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের ঘোষণা দিয়ে বলেন, সংসদ সদস্যের কার্যালয় হবে ২৪ ঘণ্টা খোলা নাগরিক সেবা কেন্দ্র। জরুরি প্রয়োজনে জনগণের সহায়তার জন্য চালু করা হবে ‘হ্যালো এমপি’ হটলাইন। উন্নয়ন তহবিল ও প্রকল্পের ব্যয়ের তথ্য অনলাইন পাবলিক পোর্টালে প্রকাশ করে প্রতি তিন মাস অন্তর জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা হবে।

ইশতিহারে জকিগঞ্জ-কানাইঘাটকে বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আপার সুরমা-কুশিয়ারা প্রকল্প বাস্তবায়ন, অভ্যন্তরীণ নদী ও খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা তুলে ধরা হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বুরহান উদ্দিন রোড ও শেওলা-জকিগঞ্জ রোডকে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ, শাহবাগ-দরবস্ত রোড প্রশস্তকরণ, সুরমা নদীর ওপর আটগ্রাম-কাড়াবাল্লা সেতুসহ একাধিক সেতু নির্মাণ, গ্রামীণ ও পৌর এলাকার ভঙ্গুর সড়ক সংস্কারের অঙ্গীকার করেন তিনি।

দারিদ্র্য ও শোষণমুক্ত সমাজ গঠনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রকল্প, যাকাতভিত্তিক তহবিল গঠন, সামাজিক নিরাপত্তা বলয় সম্প্রসারণ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। শিল্প ও বাণিজ্য খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বাঁশ-বেত ও কুটির শিল্পে বিনিয়োগ, প্রবাসীদের নিরাপদ বিনিয়োগ নিশ্চিতকরণ এবং সুপারির ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পরিচ্ছন্ন ও দূষণমুক্ত জকিগঞ্জ-কানাইঘাট গঠনে মশা, আবর্জনা, শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ, কাঁচাবাজারগুলোকে মডেল বাজারে রূপান্তর এবং দুই পৌরসভাকে ‘এ’ ক্যাটাগরির শহরে উন্নীত করার পরিকল্পনার কথা জানান।

নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর আইন প্রয়োগ, সামাজিক বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় ও ধর্মীয় নেতৃত্বের ভূমিকা জোরদারের কথা বলেন তিনি। বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ প্রসঙ্গে জকিগঞ্জ গ্যাস ফিল্ড ও আটগ্রাম তেল ক্ষেত্র চালু, আবাসিক গ্যাস সংকট সমাধান এবং পৌর এলাকায় সুপেয় পানির ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

তরুণ প্রজন্মের জন্য শিক্ষা ও সহায়ক পরিবেশ তৈরিতে কলেজে অনার্স কোর্স চালু, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, নারী শিক্ষায় বিশেষ প্রকল্প, পাবলিক লাইব্রেরি স্থাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা এবং ফ্রি ওয়াই-ফাই জোন চালুর ঘোষণা দেন।

স্বাস্থ্য খাতে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীতকরণ, চিকিৎসক ও নার্স নিয়োগ, বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম এবং হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টি, তথ্য অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা সংরক্ষণ এবং ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ জয়নুল ইসলাম, জামায়াতে ইসলামীর জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম রোকবানী চৌধুরী জাবেদ ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারসহ  বিভিন্ন রাজনৈতিক নেতা।

সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সুরমা মেইল প্রতিনিধি মো. ইউনুছ আলী, এনামুল হক মুন্না, মোর্শেদ আলম লস্কর, তারেক আহমদ, আহসান হাবীব লায়েক, আব্দুস শহীদ শাকির, দৈনিক কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া রিপোর্টার আজাদুর রহমান, এম এ ওয়াহিদ চৌধুরী, আবু বক্কর মোঃ ফয়সল ও সীমান্ত জার্নাল-এর হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ।

এসএ/সিলেট