হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাকে করে পাচারকালে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার রাত ৯ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি' প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়, সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি টহল দল।

এ সময় একটি সন্দেহভাজন পাথরবোঝাই ট্রাককে থামার সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যান। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ (মেলানসিলসহ বিভিন্ন ব্র্যান্ড) উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। অবৈধভাবে আমদানি করা এসব পণ্য ও জব্দকৃত ট্রাক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকা দিয়ে যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএ/সিলেট