সংসদে কানাইঘাটের পরিত্যক্ত কূপে তেল-গ্যাস অনুসন্ধানের দাবি শাম্মী আক্তারের

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায় অবস্থিত পরিত্যক্ত আটগ্রাম-১ কূপে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুনরায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার।

তাঁর দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের মাধ্যমে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শাম্মী আক্তার। তিনি উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সিলেট-৫ আসনের।

সংসদে উত্থাপিত নোটিশে শাম্মী আক্তার উল্লেখ করেন, কানাইঘাট উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় এক কিলোমিটার দূরে ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে তেল-গ্যাসের সম্ভাবনাময় একটি ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় সরকারি নথিতে কূপটির নাম ‘আটগ্রাম-১’ হিসেবে উল্লেখ রয়েছে।

নোটিশের তথ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ওই অঞ্চলে অনুসন্ধান ও খনন কার্যক্রম গতি পায়।

তাঁর মৃত্যুর পর ১৯৮১ সালের ২৫ জুন পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে আটগ্রাম-১ কূপের খননকাজ শুরু করে। কূপটি ১৬ হাজার ২৭৬ ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়েছিল। খননকালে ছয়টি সম্ভাবনাময় ভূস্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি ও প্রবাহ পাওয়া যায়।

পরীক্ষামূলকভাবে কূপটি থেকে দৈনিক গড়ে ০.১৫৭ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১ হাজার ২৩৪ ব্যারেল তরল উপাদান পাওয়া যাচ্ছিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে কিছুদিন পর ভূগর্ভস্থ চাপ কমে যাওয়ায় স্বাভাবিক গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায়। তৎকালীন প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও উত্তোলনের উচ্চ ব্যয়ের কারণে ১৯৮২ সালের ১০ জুন কূপটিকে বাণিজ্যিকভাবে অলাভজনক ঘোষণা করে পরিত্যক্ত করা হয়।

শাম্মী আক্তার মনে করেন, আশির দশকের অনুসন্ধান ও খনন প্রযুক্তির সঙ্গে বর্তমান সময়ের প্রযুক্তির ব্যাপক পার্থক্য রয়েছে। আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপ, উন্নত ভূতাত্ত্বিক বিশ্লেষণ, গভীর খনন এবং রিজার্ভার ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে কূপটির প্রকৃত সম্ভাবনা নতুন করে যাচাই করা সম্ভব।

নোটিশে তিনি আরও উল্লেখ করেন, অতীতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়া অনেক ক্ষেত্র আধুনিক প্রযুক্তির সহায়তায় পুনরায় অনুসন্ধান ও উত্তোলনের আওতায় আনা হচ্ছে। তাই কয়েক দশক আগে পরিত্যক্ত আটগ্রাম-১ কূপের ক্ষেত্রেও নতুন করে সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং আমদানিনির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। আটগ্রাম-১ কূপে অতীতে গ্যাস ও তরল হাইড্রোকার্বনের উপস্থিতির তথ্য থাকায় আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করা হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

এ জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে অথবা অভিজ্ঞ কোনো বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে কূপটির এলাকায় আধুনিক ত্রিমাত্রিক সিসমিক জরিপ পরিচালনা এবং পুনরায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে কূপটির বাস্তবতা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কূপটি বন্ধ হওয়ার পর থেকে এখনো আশপাশের বিস্তীর্ণ ফসলি জমিতে বুদবুদ ওঠার মতো শব্দ শোনা যায় এবং তেলের গন্ধ পাওয়া যায়।

কানাইঘাট-জকিগঞ্জসহ সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে জড়িয়ে থাকা আটগ্রাম-১ কূপের সম্ভাবনা পুনর্মূল্যায়নের বিষয়ে মন্ত্রীর আশ্বাসের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এসএ/সিলেট