রনজিত সরকারের ভাইরাল ভিডিওতে উপস্থিতি, তাহিরপুর আওয়ামী লীগ নেতা আটক

post-title

ফাইল ছবি

সুনামগঞ্জে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সমাবেশের ছড়িয়ে পড়া ভিডিওতে উপস্থিতি দেখা যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের ভাইরাল হওয়া একটি ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ এবং মুঠোফোনের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মিয়া রনজিত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওতে তাকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে নেতা-কর্মীদের পাহারা দিতেও দেখা যায়। ওই ভিডিওতে তারা মিয়ার উপস্থিতিও নজরে আসে।

রনজিত সরকার সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন। এর কয়েক ঘণ্টা পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরীর গোপালটিলায় তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসএ/সিলেট