কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ৪২ লাখ টাকার পণ্য

post-title

ছবি সংগৃহীত

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৭০ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৭০০ পিস আইভি ক্যানুলা, ৬৯০ কেজি জিরা ও দুটি কম্বল। রোববার (৮ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, শনিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কানাইঘাট উপজেলার সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে আমবাগান এলাকায় চালানো এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া রোববার (৮ নভেম্বর) জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালায় বিজিবি। জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে। এ সময় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।

দুই দিনের অভিযানে জব্দ করা মালামালের মোট সিজারমূল্য ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এসএ/সিলেট