চিকিৎসকের সনদ না থাকায় সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীর লন্ডনযাত্রা বাতিল

post-title

ছবি সংগৃহীত

সিলেট থেকে লন্ডনগামী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় বিমানে উঠতে দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে

এ ঘটনা ঘটে। পরে ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় লন্ডনযাত্রা বাতিল করেন। তাঁদের চারজনের একসঙ্গে লন্ডন যাওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লন্ডনগামী ওই নারী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত প্রত্যয়নপত্র দেখাতে না পারায় তাঁকে ফ্লাইটে নেওয়া হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁকে ফ্লাইট থেকে অফলোড করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, ওই নারী যাত্রীর কাছে চিকিৎসকের কোনো প্রত্যয়নপত্র ছিল না। ঝুঁকি বিবেচনায় বিমানের ক্রুরা তাঁকে বহন করতে সম্মত হননি।

তিনি বলেন, প্রয়োজনীয় প্রত্যয়নপত্র ছাড়া অন্তঃসত্ত্বা যাত্রীকে বহন করার পর যাত্রাপথে কোনো ধরনের সমস্যা দেখা দিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে। বিষয়টি ওই নারীকে বুঝিয়ে বলার পর তিনি যাত্রা বাতিল করেন।

পরে তাঁর পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় যাত্রা বাতিল করেন। ফলে চারজনের একসঙ্গে লন্ডন যাওয়ার পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।


এসএ/সিলেট